AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা করা যাবে না: এমন পর্যবেক্ষণ নেই লিখিত রায়ে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৬ এএম, ১৭ নভেম্বর, ২০২১

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা করা যাবে না: এমন পর্যবেক্ষণ নেই লিখিত রায়ে

বিচারক কামরুন্নাহার রেইনট্রি ধর্ষণ মামলায় ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা করা যাবে না এমন কোনো পর্যবেক্ষণ দেননি লিখিত রায়ে। মামলার রায়ের সময় মৌখিকভাবে বলা হলেও এমন কিছুই লেখা হয়নি। 

‘গত ১১ নভেম্বর লিখিত রায়ে স্বাক্ষর করার পর আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রায়ের একটি কপি হাতে পেয়েছে 'সময় সংবাদ'।

 এর আগে, ঘটনার ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা করা যাবে না উল্লেখ করে রায়ে পর্যবেক্ষণ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই বিচারক। পরে বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে নেন সুপ্রিম কোর্ট।

গত রোববার (১৪ নভেম্বর) ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেন প্রধান বিচারপতি। একই সঙ্গে সকাল থেকে ওই বিচারককে এজলাসে না বসার নির্দেশ দেওয়া হয়।  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার এ ক্ষমতা খর্ব করেন। এদিকে তাকে আদালত থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দেন।
 
এর আগে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ে পাঁচ আসামির সবাইকে খালাস দেন আদালত।
 
আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না। তাই পুলিশ যেন ঘটনার ৭২ ঘণ্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয় সে আদেশও দেন।
 
বিচারক মোছা. কামরুন্নাহারের এমন পর্যবেক্ষণের পরই তোলপাড় শুরু হয় সারা দেশে। এরপর আইনমন্ত্রী আনিসুল হক গত শনিবার বলেন, ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না, এমন পর্যবেক্ষণ সম্পূর্ণ অসাংবিধানিক। বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে।

ওই রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন, তদন্ত কর্মকর্তা প্রভাবিত হয়ে এ মামলায় অভিযোগপত্র দিয়েছেন। ভুক্তভোগীদের ডাক্তারি প্রতিবেদনে কোনো সেক্সুয়াল ভায়োলেশনের (যৌন সহিংসতা) বিবরণ নেই। ভুক্তভোগীর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা আসামিদের সঙ্গে মেলেনি। ৩৮দিন পর এসে তারা (দুই ছাত্রী) বললো ‘রেপড হয়েছি’, বিষয়টি তদন্ত কর্মকর্তার বিবেচনা করা উচিত ছিল। তা না করে তদন্ত কর্মকর্তা আদালতের ‘পাবলিক টাইম নষ্ট’ করেছেন বলে পর্যবেক্ষণে বলেছেন বিচারক।
 
বিচারক রায় পড়ার সময় আরও বলেছিলেন, ‘আপনারা বলছেন- এটি একটি আলোচিত মামলা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে সব মামলাই আলোচিত ও গুরুত্বপূর্ণ। এ মামলাটির মেডিকেল রিপোর্টে কিছুই পাওয়া যায়নি এবং ডাক্তাররা কোনো প্রমাণ দিতে পারেননি।’
 

গত ১২ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণা পিছিয়ে ২৭ অক্টোবর ধার্য করা হয়। কিন্তু ওইদিন সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ থাকার কারণে রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করা হয়।
 
এ মামলার আসামিরা হলেন- সাফাত আহমেদ, সাফাতের দুই বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিদের মধ্যে শুধু রহমত আলী ছাড়া বাকি সবাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্যে, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই দুই তরুণীকে নিয়ে আসা হয়। মদ খাওয়ানোর পর ওই দুই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে।
 
প্রথম দিকে মামলা নেয়নি পুলিশ। পরে এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলে ওই বছরের ৬ মে সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলায় আসামি করা হয় ওই পাঁচজনকে। ওই বছরের ৮ জুন তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি এ  চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই বছরের ১৩ জুলাই  আদালত পাঁচ আসামির বিরুদ্ধে মামলায় চার্জগঠন করেন। এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এটি শেষ হয় ২২ আগস্ট।

একুশে সংবাদ/স/তাশা

Link copied!