ঢাকাই চলচিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সোমবার (১৫ নভেম্বর) চার্জশিট গ্রহণ শুনানি হবে।চার্জশিট গ্রহণ শুনানি অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে।
পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য করেন।
এ মামলার অপর দুই আসামি রয়েছেন। তারা হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
গত ৪ অক্টোবর পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন মঞ্জুর করেন। এরপরের দিন তিনি জামিন মুক্তি পান।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এসময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পর দিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর পরীমণিকে ৩ দফায় নেওয়া হয় মোট সাত দিনের রিমান্ডে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুই দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে জামিনে রয়েছেন এই নায়িকা।
একুশে সংবাদ/জা/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

