কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় আদালত ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একজনের।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (প্রথম আদালত) তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রায় পড়ে শোনান বিচারক।
এ সময় ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ওরফে কামাল হোসেন, মশিউল আলম ওরফে বাবুল ওরফে বাবলু। মনোয়ার হোসেন ওরফে ডাবলুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাবর আলী গেটের ভাড়া বাসায় গিয়ে দণ্ডপ্রাপ্তরা কুপিয়ে হত্যা করে। তার ক্ষতবিক্ষত লাশ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। পরে ২০১৯ সালেল ১৮ জানুয়ারি মডেল থানা পুলিশ তদন্ত করে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।
মামলাটি অলোচিত ছিল বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী। পুলিশী তদন্তে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। সবদিক বিবেচনা করে রায় দিয়েছেন আদালতের বিচারক। এতে ন্যায় বিচার পেয়েছে সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদের পরিবার। আসামিরাও তাদের দোষ স্বীকার করে।
একুশে সংবাদ/স/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

