বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আপাদত আয়কর না নেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এছাড়া দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পর্যন্ত যত টাকা (আয়কর) আদায় করা হয়েছে- তা ফেরত দিতেও হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের অনুমতি (লিভ টু আপিল) দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এনবিআরের করা লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে (এনবিআর) ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ ও ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি উচ্চ আদালতে গড়ানোর পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নিচ্ছিল না এনবিআর।
তিনি আরও বলেন, ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আজ (মঙ্গলবার) লিভ মঞ্জুর করেছেন। একইসঙ্গে অর্থ ফেরতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

