সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে দেখা যাবে।
উল্লেখ্য, ১৪ হাজার ৩৮৫ শূন্যপদের বিপরীতে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী।
পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন। পাশাপাশি ‘ডিভাইস পার্টি’ নামে একটি গোষ্ঠী পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তা দেয়।
এই ঘটনায় ২০৭ জন প্রার্থীকে পরীক্ষার সময় হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয়ে ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন।
প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে কিছু প্রার্থী আন্দোলনও করেছেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা অনৈতিকভাবে পরীক্ষা নকলের চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

