AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৩ এএম, ২৮ মার্চ, ২০২৬

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। শুক্রবার সংঘটিত এ হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ঘাঁটির কিছু রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে দুই হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং সামরিক কার্যক্রমে সহায়তা দিয়ে থাকেন। রিয়াদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান ঘাঁটিতে প্যাট্রিয়ট ও থাডসহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর সংঘাত আরও তীব্র হয়েছে।

এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে এবং পাল্টা হিসেবে ইরানও বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে মার্চের শুরুতেও একই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে, যেখানে কয়েকজন মার্কিন সেনা আহত হন। পরবর্তীতে আহত এক সেনার মৃত্যুর খবরও প্রকাশিত হয়।

তবে এসব হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাইযোগ্য পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!