সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন আঘাত হানে।
খবরে জানানো হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে সীমিত পরিসরে আগুনের সৃষ্টি হয় এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর জেদ্দা, রিয়াদ ও জাহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে অঞ্চলে থাকা যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার কথাও জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর পালটা প্রতিক্রিয়া হিসেবে ইরানের হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলার ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে সেখানে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
সূত্র: বিবিসি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

