নেপালের ধাদিং জেলায় রবিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
স্থানীয় আধা-সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানিয়েছেন, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ধাদিং জেলার পৃ্থ্বী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলী নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় স্থানীয় সময় রাত ১:৩০ মিনিট ছিল।
দুর্ঘটনার পরে নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালায়। উদ্ধার অভিযান শেষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন বিদেশি নাগরিক ছিলেন। আহতদের মধ্যে দুই নারী জাপান এবং নেদারল্যান্ডসের নাগরিক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির উচ্চগতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

