জাপানের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এ ঘটনায় দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও এবিসি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচার ও এর পার্শ্ববর্তী টোটোরি প্রিফেকচার এলাকার মধ্যবর্তী অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল আনুমানিক ৬ মাইল।
প্রাথমিক কম্পনের কিছু সময়ের মধ্যেই আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। পাশাপাশি একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির আশঙ্কা নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী দুই থেকে তিন দিন ওই এলাকায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ।
প্রায় ১২৫ মিলিয়ন মানুষের বসবাসকারী এই দ্বীপ রাষ্ট্রে প্রতি বছর গড়ে দেড় হাজারের মতো ভূমিকম্প অনুভূত হয়, যার অধিকাংশই তুলনামূলকভাবে কম মাত্রার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

