AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৬ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পর হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে। পরে অপর হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষে জড়ানো দুটি হেলিকপ্টারের একটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং অন্যটি এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের কাছের একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেন, নিহত ও আহত পাইলট দুজনই তার পরিচিত ছিলেন এবং প্রায়ই একসঙ্গে সেখানে আসতেন। তিনি জানান, উড্ডয়নের পর হঠাৎ করেই একটি হেলিকপ্টার অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে এবং দ্রুত নিচে নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই অপরটিও নিয়ন্ত্রণ হারায়।

স্থানীয় বাসিন্দা ড্যান ডেমশেক জানান, একটি বিকট শব্দ শুনে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন দুটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে পড়ছে। তার ভাষায়, পুরো ঘটনাটি ছিল আতঙ্কজনক।

প্রায় ১৫ হাজার মানুষের বসবাস করা হামোন্টন শহরটি নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার সময় আকাশে আংশিক মেঘ থাকলেও দৃশ্যমানতা ও আবহাওয়ার অবস্থা স্বাভাবিক ছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!