যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় মোটরস্পোর্টস তারকা গ্রেগ বিফেলসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, নিহত সবাই বিফেলের পরিবারের সদস্য ছিলেন।
আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল সেসনা ৫৫০ মডেলের একটি বিজনেস জেট, যা গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেন বিফেল ও তার স্বজনরা।
তবে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল জানায়, আছড়ে পড়ার পর উড়োজাহাজটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তীতে পুড়ে যাওয়া উড়োজাহাজের ভেতর থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করা হয়।
৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় মোটরগাড়ি রেসার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯টি শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি পেশাদার রেসিং থেকে অবসর গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রকাশিত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও গ্রেগ বিফেলের নাম রয়েছে।
দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

