টেলিভিশনের পর্দায় হঠাৎ নজর পড়তেই বিস্ময়ে স্তব্ধ হয়ে যান মাইকেল জে ফক্সের! সেখানে তিনি দেখেন, তার মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে, আর সঙ্গে চলছে তার জীবনকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণমূলক একটি ভিডিও।
এমন খবর দেখে যেখানে ভক্তদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা, সেখানে খোদ অভিনেতা নিজেই হকচকিয়ে গেলেন! তবে ‘ব্যাক টু দ্য ফিউচার’ খ্যাত এই অভিনেতা মুহূর্তেই সামলে নিলেন নিজেকে।
ঘটনার মূলে ছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভুলবশত তারা ফক্সকে মৃত ঘোষণা করে তার জীবনের ওপর বিশেষ এক প্রতিবেদন প্রচার করে বসে। খবরটি নজরে আসতেই সামাজিক মাধ্যমে থ্রেডস-এ মজাদার এক পোস্ট করেন অভিনেতা।
সেই পোস্টে ফক্স লেখেন, ‘আপনার কেমন লাগবে, যখন টেলিভিশন খুলতেই নিজের মৃত্যুর সংবাদ দেখবেন?’ এরপর মজা করে পাঁচটি অপশনও দেন ভক্তদের উদ্দেশে। এরপর লেখেন, ‘টিভি দেখে ভাবলাম পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম ওটা শুধু আমার খবর; কিন্তু আমি তো ভালোই আছি।’
অবশ্য এমন হুলস্থুল কাণ্ডের পর ক্ষমা চাইতে দেরি করেনি সিএনএন কর্তৃপক্ষ। পিপল ম্যাগাজিন জানিয়েছে, চ্যানেলটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিও সরিয়ে নিয়েছে; সঙ্গে অভিনেতা ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মাইকেল জে ফক্স এখন কাজে বেশ ব্যস্ত। গত ৮ এপ্রিল শেষ হয়েছে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিঙ্কিং’-এর তৃতীয় সিজন, যেখানে হ্যারিসন ফোর্ডের সঙ্গে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

