দেশের উচ্চশিক্ষা প্রশাসনে পরিবর্তন এনে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ মাছুদ।
এছাড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন ড. মোহাম্মদ আবু জাফর খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক মো. নূরুল ইসলামকে।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব নিয়োগের ঘোষণা দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

