ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা ব্যাংকটির চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণের দাবিতে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এই বিক্ষোভে উল্লেখযোগ্য সংখ্যায় নারী গ্রাহকরাও যোগ দেন।
মঙ্গলবার (৯ জুন) বিক্ষোভকারীরা ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা এর আগে টানা আট দিন মানববন্ধনের আয়োজন করেছিলেন। নবম দিনে তারা সকাল ১০টায় অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এই কর্মসূচিতে শতাধিক নারী গ্রাহক অংশগ্রহণ করেন। আগের বিক্ষোভগুলোতে মূলত পুরুষ গ্রাহকদের অংশগ্রহণ থাকলেও এবার নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়ভাবে বেশি।
বিক্ষোভকারীরা জানান, আর্থিক অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় তারা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন যে, খুরশিদ আলমের অপসারণের দাবির উদ্দেশ্য হলো তাদের সঞ্চয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা।
ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন
তাদের দাবি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দিতে হবে, যিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য। একইসঙ্গে তারা ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালেরও দাবি জানান।

বিক্ষোভকারীরা এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিচার এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও তোলেন।
জানা গেছে, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময়ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এর ধারাবাহিকতায় সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছে সচেতন গ্রাহক ফোরাম।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

