একই দিনে দফায় দফায় সমন্বয়ের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে, যা সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে। এর আগে একই দিন সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর দামে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও একই অঙ্কে দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৩ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়েছে। গত বছর ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৯৩ বার।
অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় লেনদেন হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

