সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশইনের সম্ভাব্য প্রচেষ্টার প্রেক্ষাপটে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি দিবা-রাত্রিকালীন টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, সীমান্ত এলাকায় বিশেষ রাত্রিকালীন টহলের পাশাপাশি নাইট ভিশন গগলস, বাইনোকুলার, টর্চলাইটসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া ড্রোনের মাধ্যমে সম্ভাব্য পুশ-ইন রুট ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে যে, কোনো অপরিচিত ব্যক্তির চলাচল, সন্দেহজনক কার্যক্রম অথবা পুশইনের সম্ভাব্য তথ্য পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সকলকে স্ব স্ব স্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক, সজাগ ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশ-ইন কিংবা সার্বভৌমত্ববিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবি প্রয়োজনীয় সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অর্পিত করে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

