পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
এ সময় তিনি উপজেলা কমপ্লেক্সের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,পথচারী,পরিবহন চালক এবং সাংবাদিকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
এ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. মোমেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. রোবেল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার তাদের সময়ে ২৫ কোটি চারা গাছ লাগান উদ্যোগ নিয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাদা ভুঁইয়া, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, এস. এম. আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, এন বি আকাশ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যারও আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

