গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৯৯৬) বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ম-১১২৭৬৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়েন।
পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত হেলপারকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

