শেরপুরের নালিতাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থক একটি পরিবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের বাড়িকে আকাশি-সাদা রঙে সাজিয়েছে। প্রিয় ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে বাড়ির বাউন্ডারি, গেট ও বাইরের অংশ আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে রাঙানো হয়েছে।
জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিনের শহরের নালিতাবাড়ী বাজারস্থ বাড়িতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। তাঁর তিন ছেলে নাজমুল হাসান রুবেল, অমিত হাসান শুভ ও দুর্জয় হাসান শাকিল যৌথভাবে বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজান।
আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটির বিভিন্ন অংশ এখন স্থানীয়দের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ বাড়িটি দেখতে আসছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন।
স্থানীয়রা জানান, ফুটবলপ্রেম থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
নুরুল আমিনের দ্বিতীয় ছেলে অমিত হাসান শুভ বলেন, “ছোটবেলা থেকেই আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগের জায়গা থেকেই পরিবারের সম্মতিতে পুরো বাড়িকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

