লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল ও তার ছেলে রকি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সারপুকুর ইউনিয়নের মাগুরেরপাড় এলাকার বাসিন্দা জুয়েলের ছোট ছেলের সঙ্গে লাদেনের কথা-কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সোমবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সমঝোতার কিছুক্ষণ পরই ঘটে এই হত্যাকাণ্ড।
নিহতের স্বজন জাহিদুল ইসলাম জাকির জানান, সোমবার রাত ৮টার দিকে লাদেন সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার গফফারের দোকানের পাশে গেলে আগে থেকে ওত পেতে থাকা রকি ও তার বাবা জুয়েল তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা লাদেনকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
লাদেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত বাবা-ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের চাচা ফজলার রহমান ফরিদসহ স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

