বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার-মীরেরহাট সংযোগ সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ চরম ধীরগতিতে চলায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় এলাকায় ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাখার ও মীরেরহাটের সংযোগকারী এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন আগে সংস্কারকাজ শুরু হলেও এর অগ্রগতি অত্যন্ত ধীর। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং কাজের ধীরগতির কারণে সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখা হয়েছে। ফলে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ধুলাবালি ও খানাখন্দের।
সড়কে অসংখ্য গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ জরুরি সেবার যানবাহন চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটছে। শুষ্ক মৌসুমে সড়ক থেকে উড়তে থাকা অতিরিক্ত ধুলাবালির কারণে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
এদিকে চাখার এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “রাস্তা কাটার পর মনে হয়েছিল দ্রুতই কাজ শেষ হবে। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আমাদের প্রতিদিনের চলাচল এখন নরকযন্ত্রণার মতো হয়ে দাঁড়িয়েছে।”
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজের তদারকি বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিক। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমের আগেই যদি সড়কের কাজ শেষ না হয়, তাহলে জনদুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যাবে।
ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

