চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাসী ওমর ফারুক (২৫) হত্যা মামলার আসামি লিয়াকত আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রোববার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) শেখাব উদ্দিন সেলিম ও এসআই নিংওয়াই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লিয়াকত আলী দক্ষিণ রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা মাতব্বর বাড়ি এলাকার শামসুল আলমের ছেলে।
নিহত ওমর ফারুক দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের ছেলে।
নিহতের ভাই মো. রাকিব জানান, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওমর ফারুক নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, লিয়াকত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহত ওমর ফারুকের বাবা মো. ওসমান বাদী হয়ে বোয়ালখালী থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা (নং-০৪) দায়ের করেছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকার অরিহুরার চরের একটি লিচুবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবার ও পুলিশের মাধ্যমে মরদেহটি ওমর ফারুকের বলে শনাক্ত করা হয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

