ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে মনোযোগ সহকারে লেখাপড়া করার পরামর্শ দেন তারা।
কলেজের প্রভাষক খন্দকার আশরাফুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক এ.এস.এম. রেজানুল্ল সরকার, সহযোগী অধ্যাপক গৌরা মঙ্গললাল সরকার এবং সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক নিয়মকানুন, পরীক্ষা পদ্ধতি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কলেজজীবনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে এবং উচ্চশিক্ষার পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা দিতে এ ধরনের ওরিয়েন্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

