সিলেট মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত মে মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্যও উদ্ধার করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৯৯ জন মাদকসেবী ও মাদক কারবারি, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি, ৯০ জন হকার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৯৪৩ জন রয়েছেন।
একই সময়ে মহানগরের ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।
চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ চা-পাতা, ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পোস্তদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল।
এদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গত মাসে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
অন্যদিকে, মে মাসব্যাপী ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রমে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

