ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এনসিপির নেতাকর্মীদের দাবি, ছাত্রদলের কিছু নেতাকর্মী এ হামলায় জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদের সামনে “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একদল লোক বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।
এদিকে এনসিপি নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, জুমার নামাজ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

