AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় লিচু চুরিতে বাধা, বাগান মালিক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
১০:১৯ এএম, ১৪ মে, ২০২৬

সালথায় লিচু চুরিতে বাধা, বাগান মালিক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও সমর্থকদের হামলায় অভিযুক্তদের কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু চুরি করছিলেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় আজিজুলের ছেলে আকরাম মোল্যা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, সাকিল ও তুষার আকরামকে মারধর করেন।

পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে কথা বলতে ফুলবাড়িয়া বাজারে যান আজিজুল মোল্যা। সেখানে অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে স্থানীয়রা জানান। রাত পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, “লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।”

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে সালথা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!