সিলেট বিভাগে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে হাম সন্দেহে নতুন করে আরও ৯২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলো— সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দিনের দুই বছর তিন মাস বয়সী শিশু হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফতেহপুর এলাকার বিলাল আহমদের এক বছর পাঁচ মাস বয়সী শিশু রাইসা জান্নাত এবং ছাতকের তোফায়েল আহমদের আট মাস বয়সী শিশু আরিয়া জান্নাত।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৯৭ জন রোগী। তবে এ সময়ে নতুন কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

