নেত্রকোনার মদন উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ দুলাল মিয়া, সহকারী খাদ্য কর্মকর্তা মাহমুদুল আলম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নুরুল হুদা খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার, কাইটাইল ইউপি চেয়ারম্যান আবুতাহের আজাদ, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মিল মালিক এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও মিল মালিকরা অংশ নেন। পরে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

