কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান ওই এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তফার একমাত্র ছেলে। নাজমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে এক বাড়িতে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলো। নাজমুল যে ঘরে কাজ করছিলো সেখানে আলোর স্বল্পতা থাকায় একটি হোল্ডারে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয় এবং গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুতই উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় নাজমুলের মৃত্যু হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

