চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে মহাসড়ক কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে গত ২৪ এপ্রিল একই ইস্যুতে ধর্মঘট ডেকেছিল ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, যা পরবর্তীতে রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সমাধান হয়।
তবে রবিবার সকালে পুলিশ চাঁদাবাজির অভিযোগে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিকেলে ইউনিয়নের অন্য সদস্যরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আটক নেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন জানান, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

