মাগুরার শ্রীপুরে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যান চালক মোতাহার মন্ডল আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিহত স্কুল শিক্ষক উপজেলার ছাবিনগর গ্রামের মহিউদ্দিন বিশ্বাস এর পুত্র এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬`টার দিকে শ্রীপুর-লাঙ্লবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬`টার দিকে কুষ্টিয়া ইসলামি বিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান নিজ বাড়ি ছাবিনগর থেকে ভ্যান যোগে লাঙ্গলবাঁধ বাজারের উদ্দেশ্যে রওনা দেন।
শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় পৌছালে বিপরিতগামী একটি দ্রুতগামী প্রাইভেট কার যার রেজিঃ নং ঢাকা মেট্রো গ-২৪-৭৭৮৫ ভ্যান গাড়ীটিকে আঘাত করলে ভ্যান গাড়ীসহ চালক মোতাহার ও ভ্যান যাত্রী হাফিজুর রহমান পাকা সড়কে ছিটকে পড়ে মারাত্বক আহত হন।
মুমূর্ষু আহত অবস্থায় দু`জনকেই উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই চিকিৎসারত অবস্থায় স্কুল শিক্ষক হাফিজুর রহমানের মৃত্যু ঘটে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। ঘটনার পর থেকেই গাড়ীর চালক পালাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

