নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট (ওয়েস্টিজ) ব্যবসা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

