“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সুদক্ষিরা খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বিবাহিত দলের পক্ষে নাহিদ হাসান একটি গোল করেন এবং একটি আত্মঘাতী গোল হয়। অন্যদিকে অবিবাহিত দলের হয়ে মেহেদী ও অনিক একটি করে গোল করেন।
খেলা শেষে ট্রফি হাতে নিয়ে উভয় দলের খেলোয়াড়রা আনন্দ উদ্যাপনে মেতে ওঠেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

