গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রেলওয়ে স্টেশনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।”
তিনি আরও বলেন, “এই যাত্রাবিরতি শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মুকসুদপুর ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, জেলা প্রশাসক মোঃ আশরাফ উজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানকে ঘিরে স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা আশা প্রকাশ করেন, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর মাধ্যমে মুকসুদপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

