রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের উদ্দেশ্যে বাঘাইছড়ি উপজেলার জীপতলী ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। এ সময় অপারেশন অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসসহ একটি বিশেষ টহল দল ফাঁদ পেতে অবস্থান নেয়।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ৩–৪ জন অজ্ঞাত চোরাকারবারী জীপতলী ব্রিজের নিকটবর্তী এলাকায় এলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী: ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল (চীন, মডেল CZ83) – ১টি, ৭.৬২ মিমি তাজা গুলি – ১টি, ৭.৬২ মিমি খালি খোসা – ৯টি, পিস্তল ক্যারিয়ার ব্যাগ – ১টি, পিস্তল কভার (পুরাতন) – ১টি, দেশীয় একনলা বন্দুক – ১টি, একনলা বন্দুকের খালি খোসা – ৭টি, চাইনিজ বড় চাপাতি – ২টি, চাইনিজ ছোট চাপাতি – ৩টি, দেশীয় লোহার দা/হাসুয়া – ২টি, লোহার হাতুড়ি – ১টি, বাটুল (গুলতি) – ১টি, কাঁচের মার্বেল – ২৬টি, স্টিলের মার্বেল – ৫টি, পুরোনো স্কুলব্যাগ – ১টি ।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রেখে সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি সফল ভূমিকা পালন করবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

