ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত প্রার্থী আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত ছিল, যা নতুন তফসিল অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে।
শেরপুর-৩ আসন
এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অনুসন্ধান কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য মোতায়েন রয়েছে।
বগুড়া-৬ আসন
উপনির্বাচনে অংশ নিয়েছেন তিন প্রার্থী— বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন, যারা ১৫০টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।
নিরাপত্তা নিশ্চিতে ২৫০ জন সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি, র্যাবের ১০টি টিম এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।
স্থানীয় এক ভোটার মোমেনা খাতুন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।
সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দুই আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

