বরিশালের বানারীপাড়ায় ফেরি ঘাট এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম মুনীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সরকারি সম্পত্তিতে সদ্য দখলকৃত ১২টি দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়। পরে ভেঙে ফেলা এসব দোকানের কাঠ ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে তোলা হলে ৩০ হাজার টাকায় তা বিক্রি করা হয়। যারা মালামালগুলো উদ্ধার বা উত্তোলন কাজে নিয়োজিত ছিল, তারাই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এগুলো কিনে নেয়।
উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। এ সময় তারা দখলদারদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
"দখলদারিত্বের সাথে দলের কোনো নেতাকর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের পরিচয় দিয়ে অবৈধ দখলের কোনো সুযোগ নেই।"
এদিকে, ১২টি দোকান উচ্ছেদ করা হলেও ফেরি ঘাট এলাকায় এখনো ৩০ থেকে ৩২টি অবৈধ দোকান রয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে এবং সরকারি জায়গা রক্ষায় অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলোও দ্রুত ভেঙে ফেলার জোর দাবি জানান এলাকাবাসী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

