AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মৌলভীবাজার ৪ আসন

বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্রদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৫:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্রদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলার চারটি আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল জেলার চারটি আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। মৌলভীবাজার-১, ২, ৩ ও ৪ আসনে এবার বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এখনো কোনো প্রার্থীই নিশ্চিত জয়ের অবস্থানে নেই। ফলে নির্বাচনী সমীকরণ দিন দিন জটিল হয়ে উঠছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)—এই চারটি আসনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই তারা ভোটের সিদ্ধান্ত নিতে চান। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা নিচ্ছেন ভিন্ন কৌশল। দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও এলাকার সঙ্গে সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোটব্যাংক নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা ওই ভোট টানতে সক্রিয় থাকলেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

চা-শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর

মৌলভীবাজার জেলায় ৯২টি চা-বাগান রয়েছে। বাগানের শ্রমিকরা বলছেন, এবার তারা শুধু প্রতিশ্রুতিতে সন্তুষ্ট থাকবেন না। যারা বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবেন, তাদের পক্ষেই ভোট দেবেন। বরাবরই জেলার নির্বাচনে জয়-পরাজয়ে চা-শ্রমিকদের বড় ভূমিকা থাকে। তাদের ভোট যেদিকে যায়, সাধারণত ফলাফলও সেদিকেই ঝুঁকে পড়ে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ হাজার ৭৩১টি পোস্টাল ভোটসহ জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩০ জন। চারটি আসনেই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৯২টি চা-বাগানে কর্মরত তিন লাখাধিক শ্রমিকের ভোট।

আসনভিত্তিক চিত্র

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এই আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ, জামায়াতের মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস রয়েছে। মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন, নারী ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ২ জন।
১১৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৬৩২টি ভোটকক্ষে (৬১০টি স্থায়ী ও ২২টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপির মো. শওকতুল ইসলাম, জামায়াতের মো. সায়েদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান ও ফজলুল হক খানের মধ্যে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ২০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১২৮ জন এবং নারী ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন।
১০৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৬০০টি ভোটকক্ষে (৫১৫টি স্থায়ী ও ৮৫টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বিএনপির এম নাসের রহমান, ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল ও জামায়াতের আব্দুল মান্নানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
১৭৫টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৪টি ভোটকক্ষে (৮৪৭টি স্থায়ী ও ৮৭টি অস্থায়ী) ভোটগ্রহণ হবে।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপির মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু এবং ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদীর মধ্যে লড়াইয়ের আভাস রয়েছে। এছাড়া জোটের শরিক দল এনসিপির প্রীতম দাশ প্রার্থী হওয়ায় সমীকরণ আরও জটিল হয়েছে। এখানে চা-শ্রমিক ও সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন, নারী ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
১৬৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৯টি ভোটকক্ষে (৮৯৮টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!