জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় জয়পুরহাট-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুল আলম সবুজ বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে অতিষ্ঠ। একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই জনগণের জানমাল ও অধিকার সুরক্ষিত হতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, জয়পুরহাট-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশীদ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তারবিয়াত সেক্রেটারি ও হানাইল কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান তার বক্তব্যে ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন কালাই উপজেলা আমীর মাওলানা মুনছুর রহমান, নায়েবে আমীর আব্দুর রউফ, নির্বাচন পরিচালক ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম। তারা সকলেই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা জামায়াত নেতা মাওলানা মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুর রহিম, সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দীন, যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী ধীরেণ চন্দ্র বর্মনের উপস্থিতি, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। এছাড়াও সাবেক শিবির নেতা তাহরিম আল হাসান ও শিবির নেতা সিহাব সভায় অংশ নেন।
বক্তব্যের পাশাপাশি স্লোগান ও সমর্থনসূচক শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। জনসভাটি সার্বিকভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া হোসেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

