শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা অর্ধ শাবানের রাত বলা হয়েছে। মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালন হলো মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত।
ভাঙ্গুড়া উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত অতিবাহিত করেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।
এই বরকতভরা পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে অনেকে খাবার বিতরণ করেন। অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আরজি জানান ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র শবে বরাত উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ, চৌবাড়ীয়া ভদ্রপাড়া জামে মসজিদ, ভাঙ্গুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ঝি-কলকতি সরকার পাড়া জামে মসজিদসহ উপজেলার মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদগুলোতে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব নিয়ে আলোচনা করেন আলেমরা। বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত দোয়া মাহফিল, জিকির ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী বলেন, পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

