ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি—বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।
মুফতি রেজাউল করীম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, জামায়াতের এক প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি ও আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতিতে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া গড়ে উঠেছে। যে নীতিতে মানুষ রাস্তায় নামলে গুম ও খুনের শিকার হয়েছে—সেই নীতিতেই তারা আবার দেশ চালানোর পাঁয়তারা করছে।
লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

