ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার মুসলিমপাড়ায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মাটিরাঙা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এবং যুবদলের জেলা সহসভাপতি নাসির উদ্দিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য জেলায় গত পাঁচ বছরে ওয়াদুদ ভূঁইয়া যে উন্নয়ন করেছেন, তা আগের ১৭ বছরেও হয়নি। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করতে হবে। মা-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন সম্ভব হবে।
এ সময় জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

