AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
২০ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ

শান্তিগঞ্জে হাওরে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০১:৪২ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

শান্তিগঞ্জে হাওরে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজে উদ্বোধনেই সীমাবদ্ধ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ উদ্বোধনেই সীমাবদ্ধ রয়েছে। সরকার নির্ধারিত সময়ের ২০ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি বেড়িবাঁধের কাজ। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করা এবং পিআইসিকে কাজের কার্যাদেশ প্রদান না করায় কমিটির সদস্যরা কাজ শুরু করতে পারছেন না বলে দাবি করছেন অনেকে। এদিকে নিয়ম রক্ষার উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু না হওয়ায় প্রতিবছরের মতো একই ধরনের দেরির পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় কৃষক, পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরের ফসল রক্ষায় নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। এরই প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর ব্রিজের কাড়া বন্ধকরণ প্রকল্পের বেড়িবাঁধের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। নিয়ম রক্ষার উদ্বোধনে ওই প্রকল্পের কাজ শুরু হলেও দেখার হাওর, খাই হাওর, কাঁচিভাঙা হাওর ও জামখলা হাওরের কোনো প্রকল্পেই এখন পর্যন্ত কাজ শুরু হয়নি।

চলতি বছর শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর, জামখলা হাওর, সাংহাই হাওর, কাঁচিভাঙা হাওর ও কাউয়াজুরী হাওরে মোট ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৪৬ দশমিক ৭৫৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করার কথা। ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) নির্বাচিত করা হলেও পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা প্রশাসন। পাশাপাশি এখন পর্যন্ত কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটিকে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের কার্যাদেশ প্রদান না করায় পিআইসির সদস্যরা কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন।

১৫ ডিসেম্বর উদ্বোধন হওয়া প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রায়হান আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের তদারকি ও নির্দেশনা অনুযায়ী তাঁর বাঁধের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়নি। কার্যাদেশ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ বলেন, ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে আমরা শঙ্কিত। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলতি দুঃখজনক। চলতি বছর শান্তিগঞ্জের ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা কমিটি। কাজ শুরুর ২০ দিনেও কার্যাদেশ দিতে না পারার ব্যর্থতা ও দায়ভার পাউবো ও উপজেলা কমিটিকেই নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান মোহান জানান, ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ৬৭টি কমিটির মধ্যে ৭টি কমিটি এখনো চূড়ান্ত হয়নি। কাজের কার্যাদেশ প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো পিআইসিকে চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি। ২–৩ দিনের মধ্যে কার্যাদেশ বুঝিয়ে দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, প্রায় ৫০টি বাঁধে কাজ শুরু হয়ে গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!