গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “বিএনপি কখনোই সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশি— এটাই আমাদের পরিচয়। দীর্ঘদিন ধরে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।”
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মতুয়া অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “আপনারা যদি ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা চান, স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে ধানের শীষে ভোট দিন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— কাউকে ভেদাভেদ করেন না। তাই নিজেকে কখনো সংখ্যালঘু ভাববেন না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সাবরিনা শুভ্রা বলেন, “আপনাদের ভালোবাসা ও আতিথেয়তা প্রমাণ করে আপনারা আমাদের সঙ্গে আছেন। দীর্ঘসময় ক্ষমতায় থাকা সরকারও এ অঞ্চলের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত সমস্যার সমাধান করতে পারেনি। সেলিমুজ্জামান সেলিম নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। উপজেলা বিএনপির সদস্য শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় এবং উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনেশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবী প্রভাষ বাকচী, কাশালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অশোক মৃধা, সন্তোষ বাড়ৈ ও মনোরঞ্জন বিশ্বাস। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন মতুয়া শ্রী জটাধর গোসাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ ও মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

