পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন শেষে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়।
এসময় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনবৃন্দ, ব্যবসায় প্রশাসন বিভাগ, গণিত বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, রসায়ন বিভাগ, বাংলা বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, স্বাধীনতা হল, জুলাই ৬ হল, গণতন্ত্র হল, মাতৃভাষা হল ও রোভার স্কাউট।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, একটি বাস যদি চলে সেক্ষেত্রে যেমন বাসের ড্রাইভার ও হেলপারের উপর যাত্রীদের নিরাপত্তা নির্ভর করে ঠিক তেমনি একটি দেশের নিরাপত্তা সেদেশের বুদ্ধিজীবিদের হাতে নির্ভর করে। পাকিস্তানের এটি বুঝতে পেরেছিল সেজন্য তারা আজকের এই দিনে এদেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল যেন এদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি কিনা জানিনা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে শতাধিক বুদ্ধিজীবীকে টার্গেট করে হত্যা করা হয়েছিল। এটার কারণ ছিল যে, তাদের স্বাধীনতা দিতেই হবে কিন্ত এই দেশ যেন গড়ে ওঠতে না পারে। এটার বাস্তবতার দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক দেশ আমাদের পরে স্বাধীনতা অর্জন করেও আমাদের থেকে সমৃদ্ধ। আমরা যদি আজকে থেকেও দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করি তাহলেও সম্ভব। বুদ্ধিজীবীদের তালিকা থেকে দেখা যায় ১০০০ এর মধ্যে ৯৯১ জনই শিক্ষাবিদ ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা শিক্ষাবিদ তাই আমরা সবাই মিলে চেষ্টা করলে বেশি সময় নিবো না দেশ গড়তে এবং এই প্রতিজ্ঞাই হোক আজকের বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনী আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যাযজ্ঞ চালায় আমাদের অগ্রযাত্রাকে থামানোর জন্য। এর ফলে আমরা অসংখ্য শিক্ষক, সাংবাদিক, ডাক্তার,ইন্জিনিয়ার ও বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হারাই। বাঙালি জাতি বার বার হোচট খেয়েছে কেননা দেশকে যারা সামনে থেকে নেতৃত্ব দিবে তাদের হত্যা করা হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

