মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখা থেকে বিদেশি সিগারেট, জিরা, কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
থানার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ১০ হাজার টাকা। অভিযানে চোরাকারবারী আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া চকগাঁও গ্রামের মহিবুল মিয়ার পুত্র।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, “গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় অবৈধ পণ্য জব্দ ও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আব্দুল কাইয়ুম বিদেশি সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া গ্রেফতারকৃত আসামী ও পলাতক অন্য ২-৩ আসামী পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে এসব বিদেশি পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার (১২ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের চোরাচালান ঠেকাতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

