জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও একাডেমিক উন্নয়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে “Conceptualizing Research Scope in Academic Studies” শীর্ষক একটি সেমিনার।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল প্রাণবন্ত, জ্ঞানসমৃদ্ধ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর। নিটার সায়েন্স সোসাইটি (এনএসএস) আয়োজিত এ সেমিনারে নিটারের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষণায় আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারটি পরিচালনা করেন নিটার সায়েন্স সোসাইটির সাবেক সভাপতি মোঃ সজিব হোসেন, যিনি সম্প্রতি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি দিল্লি থেকে টেকনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিটার সায়েন্স সোসাইটির সম্মানিত মডারেটর মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের মূল কার্যক্রম শুরু হয়। পুরো সেশনে বক্তা তাঁর ব্যক্তিগত গবেষণা-যাত্রা, নিটারে গবেষণার অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবেষণার বিষয় নির্বাচন, নতুন গবেষণা আইডিয়া তৈরি, গবেষণার সুযোগ খুঁজে বের করা এবং একটি ধারণাকে কীভাবে পূর্ণাঙ্গ গবেষণাপত্রে রূপ দেওয়া যায়— সে বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে গবেষণার ক্ষেত্রে ধারাবাহিকতা, কৌতূহল এবং সমস্যা-সমাধানভিত্তিক চিন্তাভাবনার গুরুত্বও তুলে ধরেন।
বক্তা তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র একাডেমিক ফলাফল নয়, গবেষণামুখী দক্ষতা ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের ছোট ছোট সমস্যা পর্যবেক্ষণ করে সেগুলোর সমাধান নিয়ে কাজ করার প্রতি উৎসাহিত করেন।
সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের জন্য নিটার সায়েন্স সোসাইটি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় ১৫তম ব্যাচের জাসিয়া মেহজাবীন শৈলী প্রথম স্থান, সিফাত আহমেদ রিমন দ্বিতীয় স্থান এবং এ. এস. এম. দেলওয়ার হোসেন নাফিস তৃতীয় স্থান অধিকার করেন। প্রধান অতিথি ও নিটার সায়েন্স সোসাইটির সহ-সভাপতি বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
সেমিনারজুড়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং গবেষণা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণের সুযোগ পান। পুরো আয়োজনটি একাডেমিক জ্ঞান বিনিময় ও গবেষণার প্রতি আগ্রহ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়।
পরিশেষে আয়োজকরা সকল অতিথি, অংশগ্রহণকারী এবং সহযোগীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

