রংপুরে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান (৩২) মারা গেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে তেল নিতে সুরমা ফিলিং স্টেশনে যান তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
একজন তরুণ শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

